আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে জুনাইদ আহমেদ পলক
আর্জেন্টিনার জার্সি গায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির হলেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার প্রিজন ভ্যান থেকে নামার সময় সাবেক প্রতিমন্ত্রীর গায়ে আর্জেন্টিনার হালকা নীল-সাদা রঙের জার্সি দেখা গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পলকের সে ভিডিও নিয়ে চলছে তুমুল আলোচনা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হাঁটছেন পলক। এ সময় তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য ছিলেন। ট্রাইব্যুনাল এলাকায় উপস্থিত কয়েকজনকে মোবাইল ফোনে ওই দৃশ্য ধারণ করতেও দেখা যায়। ভাইরাল ভিডিওটি নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া জানাচ্ছেন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধের মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এদিন বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য ছিল। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে তিনি একাধিক হত্যা, হত্যাচেষ্টা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে রয়েছেন। এসব মামলার শুনানির অংশ হিসেবে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।

মতামত দিন