Views Bangladesh Logo

জিয়া হত্যা: মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে।

মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের আবেদনের পর এ আদেশ দেওয়া হয়। শুনানিতে তিনি জানান, ৭৭ বছর বয়সী মোজাফফর হোসেন বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন।

আদেশে ট্রাইব্যুনাল বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলমান মামলার কার্যকর ও যথাযথ তদন্তের স্বার্থে অভিযুক্তকে ট্রাইব্যুনালে হাজির করা প্রয়োজন।

৪৫ বছর ধরে পলাতক থাকার পর গত বুধবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা ও প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই হামলায় অংশ নেওয়া সশস্ত্র সেনা কর্মকর্তাদের মধ্যে মোজাফফর হোসেনও ছিলেন এবং হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর তিনি পালিয়ে যান এবং তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর বিদ্রোহের অভিযোগে সামরিক আদালতে ১৮ জন সেনা কর্মকর্তার বিচার হয়। তাদের মধ্যে ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তবে মেজর (অব.) মোজাফফর হোসেন ও মেজর এস এম খালেদ দীর্ঘদিন গ্রেপ্তার এড়িয়ে যান।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ