ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আলোচিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ট্রাইব্যুনাল-২-এ তাকে আনা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে মোজাফফর হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। সেই আদেশের ভিত্তিতেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এদিন মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করবে প্রসিকিউশন।
এর আগে গত ২১ জুলাই জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে প্রসিকিউশন।
প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মতামত দিন