Views Bangladesh Logo

স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন নামঞ্জুর

স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় টেলিভিশন অভিনেতা জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

সোমবার (৬ জুলাই) মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবীর উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ।

শুনানিতে আসামিপক্ষ জাহের আলভীর জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে আদালত আবেদনটি খারিজ করে দেন।

এর আগে গত ১৮ জুন জাহের আলভী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সেটিও নামঞ্জুর হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত ২৪ জুন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৩০ জুন তাকে আবার কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় জাহের আলভীর স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই দিনই ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।

জাহের আলভী ও ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে রয়েছে। একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করলে তাকে জামিন দেওয়া হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ