আওয়ামী লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক করার নির্দেশনা চেয়ে রিট
আওয়ামী লীগকে সংসদে আইন প্রণয়নের মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
একই সঙ্গে দলটি ও এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তালিকাভুক্ত করার আবেদন জানানো হয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নামে প্রকাশিত পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল ও অন্যান্য কনটেন্ট এবং সহিংসতায় উসকানি দেয়—এমন কনটেন্ট অপসারণ বা ব্লক করার নির্দেশনাও চাওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রিটের বিষয়টি জানান আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির।
নড়াইলের কালিয়ার এম এস মোস্তাফিজুর রহমানসহ সাতজন এ রিট দায়ের করেন।
রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এবং তথ্য সচিবকে।
আবেদনে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ ও মৎস্যজীবী লীগ। একই সঙ্গে দলটির সঙ্গে সম্পৃক্ত অন্য যেকোনো নামের সংগঠনকেও আবেদনের আওতায় আনার কথা বলা হয়েছে।
রিটে এসব সংগঠনকে সংসদে আইন বা অধ্যাদেশের মাধ্যমে নিষিদ্ধ ও রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত করা এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করার বিষয়ে রুল জারির আবেদন করা হয়েছে।
এ ছাড়া গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসব সংগঠনের পক্ষ থেকে বা নামে প্রকাশিত কনটেন্ট অপসারণ বা ব্লক করা এবং সেগুলোর পুনঃপ্রকাশ ঠেকানোর নির্দেশনা চাওয়া হয়েছে। তবে আইনসম্মত সংবাদ প্রতিবেদন, একাডেমিক পর্যালোচনা এবং সরকারের সমালোচনাকে এ আবেদনের বাইরে রাখার কথা বলা হয়েছে।
মতামত দিন