হামে ৩৫২ শিশুর মৃত্যু, প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
দেশে হাম ও হাম-জাতীয় উপসর্গে গত ৫৫ দিনে ৩৫২ শিশুর মৃত্যু ঘটনায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন। রিটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। রিট আবেদনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষের ব্যর্থতা এবং টিকার সংকট নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
সাম্প্রতিক বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। গত ৫৫ দিনে ৩৫২ জন শিশুর প্রাণহানি ঘটেছে। সরকারি পরিসংখ্যান বলছে, প্রতিদিন গড়ে অন্তত ৬ জন শিশুর মৃত্যু হচ্ছে, তবে গত এক সপ্তাহে এই হার বেড়ে দাঁড়িয়েছে গড়ে ১০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন বিশ্লেষণে দেখা গেছে, মৃত্যুর এই মিছিলের শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ এবং তুলনামূলক কম মৃত্যু হয়েছে রংপুর বিভাগে। গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে অত্যন্ত 'উদ্বেগজনক' বলে অভিহিত করেছেন। তাদের মতে, সরকারি হিসাবের চেয়ে প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। হাসপাতালগুলোতে প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে, যাদের মধ্যে শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি।
এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, মৃত্যুর এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ও টিকার সংকটের কারণ অনুসন্ধানে সরকার তদন্ত শুরু করেছে। কোনো পর্যায়ে কারও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
চিকিৎসকদের মতে, অনিয়মিত টিকাদান এবং প্রচণ্ড গরমের কারণে ভাইরাসের দ্রুত বিস্তার ঘটছে। শিশুদের শরীরে জ্বর কিংবা র্যাশ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বিশেষ করে ঘনবসতিপূর্ণ ঢাকা ও আশপাশের এলাকায় কড়া নজরদারির প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে