প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
যুবসমাজের ‘নৈতিক অবক্ষয় রোধ’ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করার কারণ দেখিয়ে কেবল প্রেম ও রোমান্সনির্ভর নাটক ও সিনেমা নির্মাণ এবং সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ রিট আবেদন করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়, দেশের বর্তমান চলচ্চিত্র ও নাটক শিল্পে প্রেম ও অতিরিক্ত রোমান্টিক বিষয়বস্তু দেখা যাচ্ছে। এসব কনটেন্টের অবাধ সম্প্রচার সমাজে ‘মারাত্মক নেতিবাচক প্রভাব’ ফেলছে। মূলধারার এসব মাধ্যমে পরকীয়া, বিবাহবহির্ভূত সম্পর্ক, ব্যভিচার ও ধর্ষণের মতো বিষয়কে ‘স্বাভাবিক’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এতে যুবসমাজ ও শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিচ্যুত হচ্ছে এবং সামাজিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদনের বরাত দিয়ে রিটে বলা হয়, এ ধরনের কনটেন্ট যুবসমাজের মনস্তাত্ত্বিক বিকাশে বাধা সৃষ্টি করে। একই সঙ্গে সমাজে নারীদের প্রতি সহিংসতা ও অপরাধ বৃদ্ধিতেও এসব বিষয় ভূমিকা রাখতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
মামলায় বলা হয়, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার কথা বলা হলেও শালীনতা বা নৈতিকতার স্বার্থে আইনের মাধ্যমে যুক্তিসঙ্গত বাধানিষেধ আরোপের সুযোগ রয়েছে। জননৈতিকতা ধ্বংসকারী কনটেন্ট অবাধে সম্প্রচার করা এই অনুচ্ছেদের সুরক্ষা পেতে পারে না বলেও রিটে দাবি করা হয়েছে।
এ ছাড়া ২০২৩ সালের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন এবং কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের সংশ্লিষ্ট ধারায় শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের পরিপন্থি কনটেন্ট নিষিদ্ধ করার বাধ্যবাধকতা রয়েছে বলে রিটকারী উল্লেখ করেছেন।
আবেদনে কেবল প্রেমনির্ভর কনটেন্ট নিষিদ্ধ করার পাশাপাশি বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাবিষয়ক নাটক ও চলচ্চিত্র নির্মাণ এবং সম্প্রচারে সংশ্লিষ্টদের প্রতি বাধ্যতামূলক নির্দেশনা জারিরও আর্জি জানানো হয়েছে।
এর আগে গত ২৭ আগস্ট এ বিষয়ে বিবাদীদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশের পর নির্ধারিত সময়ে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ায় জনস্বার্থে এ রিট মামলা করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
মতামত দিন