Views Bangladesh Logo

বিশ্বকাপ উদযাপন ঘিরে সহিংসতা ও শব্দদূষণ রোধে হাইকোর্টে রিট

ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে দেশজুড়ে সমর্থকদের উদযাপনে প্রাণহানি, সহিংসতা, জনদুর্ভোগ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম রিটটি দায়ের করেন।

রিটে সর্বসাধারণের জন্য আয়োজিত খেলা প্রদর্শনী ও উদযাপনের সময় আতশবাজি ও লাউডস্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি রাত ১১টার পর অবৈধ উচ্চশব্দ ও আতশবাজির ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

রিটকারী আইনজীবী বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বকাপকে কেন্দ্র করে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গভীর রাতে উচ্চশব্দে আতশবাজি ফোটানোর কারণে শিশু, বয়স্ক ও সাধারণ মানুষের স্বাভাবিক ঘুম ও দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।

আবেদনের সঙ্গে সংযুক্ত এক সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বকাপ ঘিরে সমর্থকদের বিরোধ বিভিন্ন সময়ে সহিংস রূপ নিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত এবং অন্তত ৪৫ জন আহত হওয়ার তথ্য উঠে এসেছে। নিহতদের মধ্যে তিনজন ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন।

এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, যেসব স্থানে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ প্রদর্শন করা হবে, সেসব স্থানে ডিবির পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ