‘শান্তির জন্য সংগীত’ প্রতিপাদ্যে সৃষ্টি বিশ্বময়ের বিশ্ব সংগীত দিবস উদযাপন
গান মানুষের আবেগ, অনুভূতি ও ভালোবাসার এক সর্বজনীন ভাষা। সেই সুরের শক্তিকে উদযাপন এবং শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে বিশ্বজুড়ে পালিত হয়েছে বিশ্ব সংগীত দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘সৃষ্টি বিশ্বময়’।
শনিবার (২১ জুন) ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে ‘শান্তির জন্য সংগীত’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি, নৃত্য ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
প্রবীণ সাংবাদিক বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফা এবং মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান শিল্পী প্রিয়াংকা গোপ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক পুলক রাহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক অলক দাশগুপ্ত।
বক্তারা বলেন, সংগীত মানুষের হৃদয়ের গভীরে প্রবেশ করে হিংসা, বিদ্বেষ, অসহিষ্ণুতা ও অস্থিরতা দূর করতে সক্ষম। সংগীতচর্চা মানবিক, সহিষ্ণু ও শান্তিপ্রিয় সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরে এ খাতে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধির আহ্বান জানান। একই সঙ্গে দেশে সংস্কৃতি চর্চার পরিসর ক্রমেই সংকুচিত হয়ে আসায় উদ্বেগ প্রকাশ করেন তারা।
সংগঠনের শিল্পীদের পরিবেশনায় উদ্বোধনী সম্মেলনী গান ‘সবার মিলন মোহনায় এসো’ দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একক সংগীত পরিবেশন করেন শামীমা রহমান মুন্নী, বর্ষা রাহা, আশরাফুন নেসা খানম মুন্নী, তরুণ কর্মকার, জিনাত ফেরদৌস ছবি, জাকারিয়া সুমন, আবিদা রহমান সেতু, জাফর আহমেদ, রজত শুভ্র বিশ্বাস, সানোয়ারা জাহান নিতু, অভিজিৎ দে এবং মার্টিনা এম সাংমা তৃষা।
আবৃত্তি পরিবেশন করেন মনীষা সরকার, আনিসুর রহমান শাহিন ও আবিদা সুলতানা আলিফা। অলক দাশগুপ্ত ও আবিদা রহমান সেতুর পরিবেশনায় স্থান পায় হিমাংশু বিশ্বাসের ‘শঙ্খচিল’। এছাড়া বহ্নিশিখা, পঞ্চ ভাস্কর, আনন্দন ও সমস্বরের দলীয় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বহ্নিশিখার নৃত্য পরিবেশনা এবং সলিল চৌধুরীর বিখ্যাত গান ‘এ যে অন্ধকারে বসে বন্ধ দ্বারে শুধু’ বিশেষভাবে দর্শকদের প্রশংসা কুড়ায়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী পলি পারভিন, শোয়াইব আহমদ ও রূপশ্রী চক্রবর্তী।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিশ্ব সংগীত দিবসের এ আয়োজনের সমাপ্তি ঘটে।
মতামত দিন