Views Bangladesh Logo

ইলিয়াস আলী গুমের মামলা: বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান ট্রাইব্যুনালে

বিএনপির সাবেক সংসদ সদস্য ও নেতা ইলিয়াস আলীকে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার পর তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন সূত্র জানিয়েছে, ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবেই সাইফুর রহমানকে আদালতে হাজির করা হয়েছে। পরে তাকে মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর জন্য রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আবেদন করা হবে।

এর আগে গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। শনিবার বিকেলে প্রসিকিউশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তদন্তে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় এই কর্মকর্তার সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তবে মামলার তদন্ত এখনো শেষ হয়নি।

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। তাঁর সঙ্গে সেদিন নিখোঁজ হন ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীও। এরপর থেকে তাঁদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ইলিয়াস আলী ও আনসার আলীর নিখোঁজের ঘটনা নিয়ে গত ১৪ বছরে বিভিন্ন সময়ে নানা বক্তব্য, দাবি ও তদন্তের তথ্য সামনে এসেছে। তবে তাঁদের অবস্থান বা পরিণতি সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা এ ঘটনা বর্তমানে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের আওতায় এসেছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং পরে তাকে ট্রাইব্যুনালে হাজির করার মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রমে নতুন অগ্রগতি হলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ