Views Bangladesh Logo

ঢাবি শিক্ষক ওয়াসেল বিন সাদাতকে বরখাস্ত কেন অবৈধ নয়: হাইকোর্ট

ছাত্রীকে যৌন হয়রানির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক ওয়াসেল বিন সাদাতকে চূড়ান্ত বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুরাদ হোসাইন।

২০২৩ সালের আগস্টে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গবেষণাপত্র জমা দিতে গিয়ে ওয়াসেল বিন সাদাতের কক্ষে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেন। সে সময় ওয়াসেল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি কোর্সের বহিরাগত পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অভিযোগপত্রে ওই ছাত্রী উল্লেখ করেন, অধ্যাপক ওয়াসেল তাঁর থিসিসের তত্ত্বাবধায়ক ছিলেন। ১৫ আগস্ট থিসিসের বিষয়ে দেখা করতে গেলে তিনি ওই ছাত্রীর সঙ্গে অমার্জিত আচরণ শুরু করেন। পরে তাঁকে মৌখিক ও শারীরিকভাবে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন ওই ছাত্রী।

অভিযোগে বলা হয়, সেদিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় পুরো ভবনটি খালি ছিল।

অভিযোগের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে ওয়াসেল বিন সাদাতকে সাময়িক বরখাস্ত করে। পরে গত ৪ আগস্ট তাঁকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।

চূড়ান্ত বরখাস্তের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। এর প্রাথমিক শুনানি শেষে রোববার হাইকোর্ট রুল জারি করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ