Views Bangladesh Logo

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক কার্গো জাহাজে মার্কিন হামলা

হরমুজ প্রণালি সংলগ্ন ওমান উপসাগরে ইরানের দিকে যাত্রা করা একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, পানামার পতাকাবাহী ‘ভেলা নোভা’ নামের জাহাজটি ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা মার্কিন নৌ অবরোধ ভেঙে দেশটির দিকে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় বারবার সতর্ক করার পরও জাহাজের নাবিকেরা নির্দেশনা না মানায় সেটিকে লক্ষ্যবস্তু করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার থেকে জাহাজটিতে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক সামরিক কমান্ড সেন্টকম জানিয়েছে, জাহাজটির ইঞ্জিন কক্ষ লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে জাহাজটি অচল হয়ে পড়ে এবং পরে সেখানে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, হামলার সময় জাহাজটিতে ১৭ জন নাবিক ছিলেন। তাদের সবাই নিরাপদে আছেন এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, হামলার সময় জাহাজটি পাকিস্তানের উপকূল থেকে প্রায় ৭১ নটিক্যাল মাইল দূরে ওমান উপসাগরে অবস্থান করছিল।

ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকরের অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। ওয়াশিংটনের ভাষ্য, অবরোধ ভেঙে কোনো বাণিজ্যিক জাহাজ ইরানের বন্দরে প্রবেশের চেষ্টা করলে তা ঠেকাতে মার্কিন বাহিনী ব্যবস্থা নেবে। এর আগে একই ধরনের পদক্ষেপে আরও কয়েকটি বাণিজ্যিক জাহাজকে থামানো বা অচল করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতার মাধ্যমে উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সমঝোতার অংশ হিসেবে ইরানের বন্দর ঘিরে নৌ অবরোধ প্রত্যাহার করা হয়। তবে পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে সংঘাত আবার তীব্র হলে জুলাইয়ে অবরোধ পুনর্বহাল করা হয়। ফলে হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল-মান্দেব প্রণালিতেও সংঘাতের প্রভাব পড়েছে। ইরান-সমর্থিত হুথিদের জাহাজে হামলার ঘটনায় ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়েছে। হরমুজ ও বাব এল-মান্দেবের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে সামরিক উত্তেজনা অব্যাহত থাকলে আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ