Views Bangladesh Logo

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: ২ জনের দুই দিনের রিমান্ড

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া দুজন হলেন নিষিদ্ধ যুবলীগের নেতা মো. নুরুল ইসলাম (৫২) ও কর্মী মো. সজিব (৩২)।

সাভার থানার জিআরও শাখার এসআই মো. বাহাজ উদ্দিন জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত ইমতিয়াজ। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, গভীর রাতে বাসা থেকে ঘুমন্ত অবস্থায় তাদের আটক করা হয়েছে এবং হয়রানির উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে। আসামিরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, তারা ব্যবসায়ী। স্থানীয় শত্রুতা ও তৃতীয় পক্ষের উসকানিতে তাদের আসামি করা হয়েছে এবং বিস্ফোরণের ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন আইনজীবীরা।

অন্যদিকে পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, ৬ জুলাই রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে দুই সাংবাদিকসহ কয়েকজন আহত হন। তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার দুই ব্যক্তি সমাবেশ শুরুর আগে ও চলাকালে ঘটনাস্থল ও আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের জিজ্ঞাসাবাদে ঘটনার পরিকল্পনা, জড়িত অন্যদের পরিচয়, সম্ভাব্য বিস্ফোরক উদ্ধার এবং মূল রহস্য উদ্‌ঘাটন সম্ভব হবে বলে আবেদনে উল্লেখ করা হয়।

এ ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা করেন। মামলায় বলা হয়, সোমবার রাতে তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশ চলছিল। রাত সাড়ে ৯টার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠার কয়েক মিনিট আগে সমাবেশস্থলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জেনারেটরে সীমিত আলোর ব্যবস্থা করা হলেও পুরো এলাকা ছিল অন্ধকারাচ্ছন্ন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ