বিশ্বকাপ ফাইনালে থাকছেন ট্রাম্প
আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল দেখতে গ্যালারিতে থাকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, রোববার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে উপস্থিত থাকবেন তিনি।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি বলেন, রোববারের ফাইনালের জন্য তারা মুখিয়ে আছেন এবং প্রেসিডেন্টও ম্যাচটি সরাসরি মাঠে বসে দেখার অপেক্ষায় রয়েছেন। লেভিট জানান, ট্রাম্পের এই উপস্থিতির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ ও সবচেয়ে সফল বিশ্বকাপের সমাপ্তি ঘটবে বলে তিনি মনে করেন।
লেভিট আরও জানান, ফাইনালের আগে শুক্রবার নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে ফিফার এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন ট্রাম্প, এরপর রোববার ফাইনাল দেখতে যাবেন নিউজার্সিতে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত মাসেই জানিয়েছিলেন, ফাইনাল শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার সময় ট্রাম্পও তাঁর সঙ্গে থাকবেন।
ফাইনালে ট্রাম্প কোন দলকে সমর্থন করবেন, এমন প্রশ্নের জবাবে লেভিট জানান, এ বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে সাংবাদিকদের সরাসরি ট্রাম্পের কাছেই এ বিষয়ে জানতে উৎসাহ দিয়ে তিনি বলেন, তিনি নিশ্চিত যে ট্রাম্প এ ব্যাপারে একটি মজার জবাব দেবেন।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে এবারের বিশ্বকাপ। এর আগে ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবারের বিশ্বকাপের এখন পর্যন্ত অনুষ্ঠিত কোনো ম্যাচেই উপস্থিত ছিলেন না। তবে গত বছর একই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি ও পিএসজির মধ্যকার ম্যাচ দেখতে গিয়েছিলেন ট্রাম্প এবং চ্যাম্পিয়ন চেলসির হাতে ট্রফি তুলে দিয়েছিলেন তিনি।
মতামত দিন