বালোগনের লাল কার্ড: ফিফা সভাপতিকে ফোন করার কথা স্বীকার ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারাইন বালোগনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত নিয়ে যখন চারদিকে সমালোচনার ঝড় বইছে, তখন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানালেন, সিদ্ধান্তটি পর্যালোচনার জন্য তিনি সত্যিই ফিফাকে বলেছিলেন।
শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে লাল কার্ড দেখেন বালোগন। ৬৪তম মিনিটে প্রতিপক্ষের তারিক মুহারেমোচকে ফাউল করে বহিষ্কৃত হন ২৫ বছর বয়সী এই ফুটবলার।
ওই লাল কার্ডে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারতেন না বালোগন। রোববার সেই নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা।
শুরুতে নিউ ইয়র্ক টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বালোগনের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেছিলেন ট্রাম্প। এরপরই রোববার ফিফা এক বিবৃতিতে চলতি বিশ্বকাপে এ পর্যন্ত তিন গোল করা এই ফুটবলারের এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করে।
এ নিয়ে নানা জল্পনা-কল্পনা ও তীব্র সমালোচনার মধ্যে সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সামনে ঘটনায় নিজের ভূমিকার কথা স্বীকার করে নেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি কেবল (নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি) পুনর্বিবেচনার জন্য বলেছিলাম, কারণ আমার মনে হয়নি যে ওটা ফাউল ছিল।’
এর আগে বালোগনের নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার পরপরই ইনফান্তিনোর বন্ধু হিসেবে পরিচিত ট্রাম্প ট্রুথ সোশ্যালে ফিফাকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘সঠিক কাজটি করার জন্য এবং বড় একটি অবিচার সংশোধন করার জন্য ফিফাকে ধন্যবাদ! প্রেসিডেন্ট ডনাল্ড জে. ট্রাম্প।’
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৬টায় বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।
মতামত দিন