মোজাফফর হোসেনের ফেসবুক-মেসেঞ্জারের তথ্য চেয়ে মেটাকে ট্রাইব্যুনালের চিঠি
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের ফেসবুক ও মেসেঞ্জার সংক্রান্ত তথ্য চেয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
বুধবার (৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও আইটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, মোজাফফর হোসেন সাবেক প্রধানমন্ত্রীসহ কয়েকটি ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগ রাখতেন। এছাড়া কয়েকটি গ্রুপের সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে ধারণা করা হচ্ছে। এসব যোগাযোগের বিস্তারিত তথ্য জানতে মেটার কাছে ই-মেইলে অনুরোধ পাঠানো হয়েছে।
তানভীর হাসান জোহা বলেন, মোজাফফর হোসেনের মুছে ফেলা ফেসবুক কথোপকথন উদ্ধারের উদ্যোগও নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও প্রযুক্তিগত সহায়তা চেয়ে মেটার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
১৯৮১ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১৬ জুলাই মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এরপর ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। একই সঙ্গে তাকে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। তবে এখন পর্যন্ত তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করেনি। ট্রাইব্যুনাল তাকে সেনা হেফাজতে রাখারও নির্দেশ দিয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দাবি করেন, মোজাফফর হোসেনের সঙ্গে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর দীর্ঘদিনের নিয়মিত যোগাযোগের প্রমাণ তদন্তে পাওয়া গেছে। তার দাবি, গত ১৬ বছর ধরে তারা যোগাযোগ বজায় রেখেছিলেন এবং পলাতক অবস্থায় মোজাফফর একাধিকবার প্রতিবেশী দেশে যাতায়াত করেন।
চিফ প্রসিকিউটরের ভাষ্য, বর্তমানে মানবতাবিরোধী অপরাধের যে মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার হয়ে হেফাজতে রয়েছেন, সেই একই মামলায় মোজাফফর হোসেনকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগও তদন্তাধীন রয়েছে।
মতামত দিন