আগামীকাল থেকে ২০ দিনের অবকাশে ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামীকাল বুধবার থেকে ২০ দিনের অবকাশে যাচ্ছে। ১ থেকে ২০ জুলাই পর্যন্ত ছুটিতে থাকবে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আজ মঙ্গলবার এই ছুটির বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৭ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কার্যবিধি সংশোধন করা হয়েছে। সংশোধনীতে বলা হয়েছে, ট্রাইব্যুনাল ও রেজিস্ট্রি প্রতিবছর ১ থেকে ২০ জুলাই এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশ পালন করবে। অবকাশকালে ট্রাইব্যুনালের কার্যক্রম অন্তত একজন সদস্য বা চেয়ারম্যানের মাধ্যমে অব্যাহত থাকবে, এবং অবকাশকালে দায়িত্ব পালনকারী চেয়ারম্যান বা সদস্য বছরের অন্য যেকোনো মাসে একই সময়সীমার অবকাশ ভোগ করতে পারবেন।
কার্যবিধির সংশোধনীতে আরও বলা হয়েছে, ট্রাইব্যুনালের কর্মকর্তা ও অন্যান্য কর্মচারী অবকাশকালে পালাক্রমে দায়িত্ব পালন করবেন, যাদের দায়িত্ব বণ্টন করবেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বা রেজিস্ট্রার। জুলাই ও ডিসেম্বরের এই নির্ধারিত অবকাশ ছাড়াও সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেসব ছুটি ও সরকারি অবকাশ ভোগ করেন, সেসবও ভোগ করতে পারবেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্যরা।
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর আওতায় ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গঠনের পর এই প্রথমবারের মতো অবকাশে যাচ্ছে এই ট্রাইব্যুনাল।
মতামত দিন