সাংবাদিক ফারজানা রূপার সঙ্গে সন্তানদের সাক্ষাতের অনুমতি দিলেন ট্রাইব্যুনাল
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপার সঙ্গে তাঁর দুই সন্তানকে সাক্ষাতের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রুপার আইনজীবীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ অনুমতি দেন।
ফারজানা রূপার আইনজীবী সিফাত মাহমুদ জানিয়েছেন, অসুস্থতার কারণে বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন তাঁর মক্কেল। তাঁর এক ছেলে ও এক মেয়েকে মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে।
২০১৩ সালের ৫ ও ৬ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর কর্মীদের ওপর এবং নারায়ণগঞ্জে চালানো অভিযানে কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্তদের একজন ফরজানা রূপা।
গত ২৭ জুলাই হেফাজতের ওই অভিযানকে কেন্দ্র করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুই সাংবাদিকসহ ৪০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, সাংবাদিক ফরজানা রূপা ও মোজাম্মেল হক বাবু একাত্তর টেলিভিশনের ‘সমীকরণ’ অনুষ্ঠানের মাধ্যমে হেফাজতের কর্মীদের মৃত্যুর ঘটনা অস্বীকার করে, সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং সরকারের বক্তব্যকে প্রতিষ্ঠিত করতে ‘বানোয়াট’ প্রতিবেদন প্রচার করেছিলেন। এর মাধ্যমে তারা কথিত ওই অভিযানে সহায়তা করেছিলেন বলে রাষ্ট্রপক্ষের দাবি।
মতামত দিন