Views Bangladesh Logo

বনানীতে বিরোধের জেরে একই পরিবারের ৩ জন ছুরিকাঘাতে আহত

রাজধানীর বনানীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে একই পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মহাখালীর ওয়্যারলেস শিশু মেলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)। তারা বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। আহত সুমন মিয়া পরিবারের সদস্যদের নিয়ে মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে বসবাস করেন।

আহতদের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আরিফ নামে এক ব্যক্তির সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ৮ থেকে ১০ জন সহযোগীকে নিয়ে সুমন, সোনিয়া ও রাসেলের ওপর হামলা চালায়। এ সময় তাদের মারধরের পাশাপাশি ছুরিকাঘাত করে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম জানান, আহত তিনজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সার লেনদেনসংক্রান্ত বিরোধ থেকেই হামলার ঘটনা ঘটেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ