নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলাটির কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনের কার্যক্রমের শুরুতে মামলার সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে। এর আগে গত ৮ জুন সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ নির্ধারণ করা হলেও ডিফেন্স আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুর কারণে কার্যক্রম একদিনের জন্য স্থগিত করা হয়েছিল।
মামলায় বর্তমানে চার আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি।
অন্যদিকে, মামলার বাকি ২৪ আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে তৎকালীন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন।
এর আগে গত ১০ মে প্রসিকিউশনের দাখিল করা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়ে ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। অভিযোগ গঠনের সময় গ্রেপ্তার চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর নৃশংস হামলা চালায়। আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ, উসকানি এবং উপস্থিতিতে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন নিহত হন। এছাড়া আহত হন আরও বহু আন্দোলনকারী। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া এ মামলাটি দেশের সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত বিচারিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে।

মতামত দিন