Views Bangladesh Logo

ঝিনাইদহের তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু আজ

ঝিনাইদহের কালীগঞ্জে চার বছর বয়সী শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ সম্পন্ন করার লক্ষ্যে বুধবার (১৭ জুন) থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

ঝিনাইদহ আদালতের কোর্ট ইন্সপেক্টর মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার মাত্র ১১০ দিনের মাথায় মঙ্গলবার (১৬ জুন) সরকার পক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আকিলুল ইসলাম এবং রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তরিকুল আলমের উপস্থিতিতে শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করেন।

এর আগে গত ২৬ মে মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন ওই ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করেন। সরকারের বিশেষ নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তির লক্ষ্যে বিচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মামলার একমাত্র আসামি আবু তাহের পেশায় একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি। উপজেলার ফরাসপুর গ্রামের মৃত শফি উদ্দীনের ছেলে সে। নিহত শিশু তাবাচ্ছুমদের বাড়ির কাছেই বাদুরগাছা গ্রামে ভাড়া বাসায় থাকত আবু তাহের।

গত ২৬ ফেব্রুয়ারি সকালে চিপস ও জুস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালায় সে। চিৎকার থামাতে নিজের লুঙ্গি দিয়ে শিশুটির মুখ ও নাক চেপে ধরে আবু তাহের। অল্প সময়ের মধ্যেই দম বন্ধ হয়ে মৃত্যু হয় তাবাচ্ছুমের।

এরপর ঘটনাটি ধামাচাপা দিতে রাতেই শিশুটির মরদেহ বস্তায় ভরে পাশের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে সে। পালিয়ে গেলেও ওই দিন মধ্যরাতেই কুষ্টিয়া শহরে ভাইয়ের ভাড়া বাসা থেকে আবু তাহেরকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ