Views Bangladesh Logo

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত, শিশু উন্নয়ন কেন্দ্রে সেই কিশোর

রাজধানীর বারিধারায় গাড়িচাপায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান (২৪) নিহতের ঘটনায় গাড়ির চালকের আসনে থাকা ১৭ বছর বয়সী কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার শিশু আদালত-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির ওই কিশোরকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।

এদিকে মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ৯ লাখ টাকায় আপস-মীমাংসা হয়েছে বলে জানিয়েছেন ওই কিশোরের আইনজীবী আলমগীর হোসেন।

শিশু আদালতের সামনে সাংবাদিকদের আপসনামার বিষয়টি জানিয়ে আলমগীর হোসেন বলেন, দাফন-কাফনের জন্য এক লাখ টাকা এবং মেহেদীর বৃদ্ধ বাবা-মায়ের ভবিষ্যতের কথা বিবেচনা করে আরও ৮ লাখ টাকা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মেহেদীর ভাই ও মামলার বাদী মোক্তাদির ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আপসের বিষয়টি স্বীকার করেন। তবে কত টাকায় আপস হয়েছে, তা তিনি জানেন না বলে জানান। মোক্তাদির বলেন, মামলার বিষয়ে আপস হয়েছে। কত টাকায় হয়েছে, তা তিনি জানেন না; তাঁর মামা বিষয়টি জানেন।

গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে। ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মেহেদীকে চাপা দেয়। পরে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে থাকা লোকজন গাড়ির চালকের আসনে থাকা ওই কিশোরকে আটক করে পুলিশে দেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

মেহেদীর মৃত্যুর ঘটনায় তাঁর ভাই মোক্তাদির ইসলাম বুধবার গুলশান থানায় মামলা করেন। মামলায় গাড়ির চালক হিসেবে আকাশ মারককে আসামি করা হলেও চালকের আসনে থাকা ওই কিশোরের নাম উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে সমালোচনার পর বুধবার তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

বৃহস্পতিবার ওই কিশোরকে আদালতে হাজির করে শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আরেফীন ইসলাম। পরে আদালত তাকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।

আপসের বিষয়ে জানতে চাইলে এসআই আরেফীন ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তদন্তে এর কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, তাঁরা তাঁদের মতো করে তদন্ত চালিয়ে যাবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ