Views Bangladesh Logo

শাড়িকাণ্ড: তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

২৮ হাজার ৮০০ টাকা মূল্যের শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় অভিনেত্রী তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটিতে অভিযোগ গঠন শুনানির জন্য নির্ধারিত তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত তানজিন তিশার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। তার আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ আগস্ট একই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন তানজিন তিশা। ওইদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর আগে ১২ জুলাই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে তিশাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল।

মামলাটি করা হয় অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে নেওয়া একটি শাড়িকে কেন্দ্র করে। মামলার অভিযোগ অনুযায়ী, শাড়িটির মূল্য ছিল ২৮ হাজার ৮০০ টাকা। শাড়িটি ব্যবহার করে পেজটির প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তানজিন তিশা যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ বাদীপক্ষের।

এ ঘটনায় ‘অ্যাপোনিয়া’র প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের ৫ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদন পর্যালোচনার পর আদালত তিশার বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার অভিযোগের বিষয়ে অবশ্য শুরু থেকেই ভিন্ন বক্তব্য দিয়ে আসছেন তানজিন তিশা। গত ১৩ আগস্ট জামিন পাওয়ার পর তিনি দাবি করেছিলেন, শাড়িটি তিনি আত্মসাৎ বা প্রতারণা করে নেননি। তার ভাষ্য, মামলায় তাকে নিয়ে অনেক অসত্য তথ্য দেওয়া হয়েছে। তিনি আইনকে সম্মান করেন বলেই আদালতে হাজির হয়েছেন বলেও জানিয়েছিলেন।

অন্যদিকে, বাদীপক্ষের অভিযোগ, শাড়ি নেওয়ার পর প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। মামলার পরবর্তী কার্যক্রমে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। মঙ্গলবার আদালতের আদেশে সেই শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে এখন নির্ধারিত নতুন তারিখে মামলাটির অভিযোগ গঠন শুনানি হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ