Views Bangladesh Logo

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল।

রিমান্ড আবেদনে পুলিশ জানায়, ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং দীপের সংশ্লিষ্টতা যাচাইয়ের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া হত্যাকাণ্ডের পেছনের কারণ, অন্য জড়িত ব্যক্তিদের পরিচয়, ব্যবহৃত আলামত এবং তাহসিফের মোটরসাইকেলের সন্ধান পেতে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। হত্যাকাণ্ডের প্রকৃত স্থান চিহ্নিত করাও রিমান্ডের অন্যতম উদ্দেশ্য বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের আবেদনে আরও দাবি করা হয়, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে দীপের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে তাঁর বক্তব্য বা তদন্তের চূড়ান্ত ফল এখনো প্রকাশিত হয়নি।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মরদেহের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা হয়।

তাহসিফের মৃত্যুর ঘটনায় ৩০ অক্টোবর রাতে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম। পরে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে থাকা দীপকে ওই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। মামলাটির তদন্ত করছে নৌ পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ