অধস্তন আদালতে কালো কোট পরার বাধ্যবাধকতা তুলে নিলেন সুপ্রিম কোর্ট
দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের পোশাকবিধিতে পরিবর্তন এনেছেন সুপ্রিম কোর্ট। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ১ জুলাই থেকে পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত বিচারক ও আইনজীবীদের কালো কোট পরতে হবে না।
মঙ্গলবার হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রধান বিচারপতির নির্দেশে বিজ্ঞপ্তিটিতে সই করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
নতুন নির্দেশনা অনুযায়ী, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারকদের গাউন পরতে হবে। এর সঙ্গে প্রয়োজনে সাদা ফুলশার্ট, বা সাদা শাড়ি অথবা সালোয়ার-কামিজ এবং সাদা নেক ব্যান্ড পরিধান করতে হবে। কিন্তু কালো কোট পরা তাদের জন্য আর বাধ্যতামূলক থাকছে না।
আইনজীবীদের পোশাকবিধিতেও একই ধরনের পরিবর্তন এসেছে, যদিও আগের নিয়মের বাকি অংশ অপরিবর্তিত রয়েছে। তারা সাদা ফুলশার্ট, বা সাদা শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরবেন। তবে কালো কোট ও গাউন পরার বিষয়টি তাদের ক্ষেত্রেও আর বাধ্যতামূলক নয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নির্দেশনা কার্যকর হবে ১ জুলাই ২০২৬ থেকেই, এবং পরবর্তী কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। এই নিয়ম বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, বিভিন্ন বিশেষ ট্রাইব্যুনাল, প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং শ্রম আদালতসহ সংশ্লিষ্ট সব বিচারিক প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মতামত দিন