Views Bangladesh Logo

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৭,৫৮০ টি আইনি পরামর্শ সেবা প্রদান

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে গত এক দশকের বেশি সময়ে ২৭ হাজার ৫৮০ জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। আর একই সময়ে সরকারি এই সেবা থেকে সরাসরি আইনি সহায়তা পেয়েছেন ৩১ হাজারের বেশি বিচারপ্রার্থী।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা কার্যক্রমের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যক্রম শুরু হয়। এরপর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত মোট ৩১ হাজার ৩৭ জন উপকারভোগী আইনি সহায়তা পেয়েছেন। এ সময় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ৩ হাজার ৪৫৭টি মামলায় সরাসরি আইনি সহায়তা দেওয়া হয়েছে।

এর মধ্যে ২ হাজার ৩৬৯টি মামলা ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। অবশিষ্ট মামলাগুলো বিভিন্ন পর্যায়ে বিচারাধীন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের এ কার্যক্রম পরিচালনা করছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন জাতীয় আইনগত সহায়তা সংস্থা। আর্থিকভাবে অসচ্ছল, অসহায় ও বিচারপ্রাপ্তিতে অক্ষম ব্যক্তিদের সরকারি অর্থায়নে আইনি সহায়তা দেওয়াই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।

‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় পরিচালিত এ ব্যবস্থার মাধ্যমে অসচ্ছল বিচারপ্রার্থীরা আইনজীবীর পরামর্শ ও মামলা পরিচালনাসহ প্রয়োজনীয় আইনি সহায়তা পেয়ে থাকেন। সরকারি এ উদ্যোগের ফলে আর্থিক সক্ষমতার অভাবে যারা আদালতে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সমস্যায় পড়েন, তাদের জন্য বিচার পাওয়ার সুযোগ আরও সহজ হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ