Views Bangladesh Logo

হাইকোর্টের আদেশ স্থগিত, নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাধা নেই

এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগেই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের সুযোগ তৈরি হয়েছে।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতের এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা আয়োজন করতে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

এর আগে গত ১৮ নভেম্বর এইচএসসি পরীক্ষার পুনর্মূল্যায়ন ও সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

পরে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। শুনানি শেষে বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়।

এদিকে গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে এক সভা শেষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছিল, আগামী জানুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হবে। তবে ১৮ নভেম্বর অনুষ্ঠিত আরেক সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আগের সিদ্ধান্ত থেকে সরে আসে সংস্থাটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ