Views Bangladesh Logo

মিটফোর্ডে সোহাগ হত্যা: আরও তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, পরবর্তী তারিখ ২৮ আগস্ট

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যা মামলায় আরও তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার ১ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আলমগীর হোসেনের আদালতে তারা জবানবন্দি দেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করেন।

সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে মামলাটির পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। সাক্ষ্য দেওয়া তিনজন হলেন ইসমাইল, বাবুল ও হাসান। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী এ এস এম শাহাদাৎ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে মামলাটিতে মোট চারজনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। এর আগে গত ৩ আগস্ট নিহত সোহাগের বড় বোন ও মামলার বাদী মঞ্জুয়ারা বেগমের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রমে সাক্ষ্য পর্ব শুরু হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে একদল ব্যক্তি সোহাগকে ঘিরে ধরে পাথর দিয়ে আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরদিন ১০ জুলাই নিহতের বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এতে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে ২১ জনের বিরুদ্ধে প্রথমে অভিযোগপত্র দাখিল করা হলেও তদন্তে ত্রুটি থাকায় আদালত পুনরায় তদন্তের নির্দেশ দেন। পরে চলতি বছরের ১০ মে কোতোয়ালি থানার পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদ ২১ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন। গত ১২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

মামলার ২১ আসামির মধ্যে বর্তমানে ১০ জন কারাগারে, আটজন পলাতক এবং তিনজন জামিনে রয়েছেন। নিহত সোহাগ কেরানীগঞ্জের পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসা করতেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ