শাপলা চত্বর হত্যা মামলা: ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ আসামিকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। একই সঙ্গে পলাতক আসামিদের আত্মসমর্পণের বিষয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
এদিন মামলায় গ্রেপ্তার ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, দীপু মনি, শামসুল হক টুকু, জিয়াউল আহসান এবং সাংবাদিক শাহরিয়ার কবির রয়েছেন। অসুস্থতার কারণে সাংবাদিক ফারজানা রুপাকে এদিন আদালতে হাজির করা হয়নি। গ্রেপ্তার অন্য আসামিদের মধ্যে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, আবদুল জলিল মণ্ডল ও সাংবাদিক মোজাম্মেল বাবুর নামও রয়েছে।
এর আগে গত ২৭ জুলাই শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে পরিকল্পিতভাবে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর রাতের আঁধারে অভিযান চালিয়ে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে।
প্রসিকিউশনের অভিযোগ, ওই অভিযানের মূল লক্ষ্য ছিল হেফাজতে ইসলামকে নির্মূল করা। শাপলা চত্বরের ওই ঘটনায় এখন পর্যন্ত ৬১ জন নিহতের একটি তালিকা পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে পলাতক আসামিদের আত্মসমর্পণের জন্য আদালত নির্ধারিত সময়সীমা বেঁধে দিয়েছেন। আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মতামত দিন