Views Bangladesh Logo

আরও দুই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার শাহজাহান ওমর

বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া পৃথক দুই হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) ঢাকার দুটি পৃথক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হয়। বনানী এলাকায় সোহাগ নামে এক কিশোরকে হত্যাচেষ্টার মামলায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এবং মিরপুরে মো. মুক্তার হোসেনকে হত্যাচেষ্টার মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুই মামলার তদন্ত কর্মকর্তারা শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বনানী থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল সরকার ২৪ আগস্ট এবং মিরপুর থানার এসআই আজিজুল হক ২৫ আগস্ট পৃথক আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৩১ আগস্ট দিন নির্ধারণ করেছিলেন। সেই অনুযায়ী এদিন তাকে আদালতে হাজির করা হয়।

মিরপুরের মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় অবস্থান করছিলেন মুক্তার হোসেন। ওই সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে তিনি আহত হন। পরে তাকে মারধর করা হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সুস্থ হওয়ার পর এ ঘটনায় মামলা করেন মুক্তার।

অন্যদিকে বনানীর মামলায় বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন সোহাগ। ওই দিন দুপুরের দিকে বনানী এলাকায় তাঁর বুকে দুটি গুলি লাগে। প্রথমে তাকে মহাখালীর একটি হাসপাতালে নেওয়া হলেও সেখানে চিকিৎসা না পাওয়ায় পরে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে একটি গুলি বের করা হলেও অন্যটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচার করে দ্বিতীয় গুলিটিও বের করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২১ জুলাই সোহাগের বাসায় গিয়েও হামলা চালানো হয়। পরে তাঁর বাবা বনানী থানায় মামলা করেন। এ মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

এদিন আদালতে নেওয়ার সময় শাহজাহান ওমরকে ঘিরে কিছুটা উত্তেজনাও দেখা যায়। তাকে দেখে আদালত প্রাঙ্গণে থাকা কয়েকজন ‘মীর জাফর’ ও ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দেন। পরে পৃথক দুই মামলায় শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ