Views Bangladesh Logo

দ্রুত প্রবাসী ট্রাইব্যুনাল গঠন প্রয়োজন: মনজিল মোরসেদ

প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকার লঙ্ঘনের ঘটনায় দ্রুত আইনি প্রতিকার নিশ্চিত করতে বাংলাদেশে একটি পৃথক প্রবাসী ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট মনজিল মোরসেদ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কানাডার টরন্টোর ডানফোর্থের বিডি ফিউশনে ‘বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এইচআরপিবি কানাডা শাখা এ সেমিনারের আয়োজন করে।

মনজিল মোরসেদ বলেন, ‘বাংলাদেশে প্রবাসীরা সম্পত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে নানা অনিয়ম ও অধিকার লঙ্ঘনের শিকার হন। এসব ঘটনায় এইচআরপিবির পক্ষ থেকে আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। তবে প্রচলিত আইনি প্রতিকারের দীর্ঘসূত্রতার কারণে অনেক সময় প্রবাসীরা কার্যকর প্রতিকার থেকে বঞ্চিত হন।’

তিনি বলেন, ‘প্রবাসীদের বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল প্রয়োজন। এ ধরনের একটি ট্রাইব্যুনাল গঠন করা হলে প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির পাশাপাশি তাদের মধ্যে আস্থাও তৈরি হবে। অন্যথায় বাংলাদেশে প্রবাসীদের বিনিয়োগ ও রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যা দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’

সেমিনারে বক্তারা বলেন, কানাডায় বসবাসরত বাংলাদেশিরা দেশে থাকা সম্পত্তি, বিনিয়োগসহ বিভিন্ন অধিকার নিয়ে জটিলতার মুখোমুখি হন। এসব সমস্যার সহজ ও দ্রুত আইনি প্রতিকার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কাছে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা। একই সঙ্গে কানাডায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মৌলিক অধিকার নিশ্চিত করতে কানাডা সরকারের সহযোগিতাও কামনা করেন বক্তারা।

এইচআরপিবি কানাডা শাখার সভাপতি আফিয়া বেগমের সভাপতিত্বে সেমিনারে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মো. শহীদ উদ্দিন, কানাডার ডিপ্লোম্যাটিক প্রটোকল কনসালটেন্ট রশিদ খান, কমিউনিটি নেতা ব্যারিস্টার আলমগীর, মন্ট্রিল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো. মোরসালিন, ক্লাইমেট চ্যানেলের সিইও সঞ্জয় চাকী এবং কানাডার লিবারেল পার্টির ভাইস প্রেসিডেন্ট এহসানুল হাফিজ বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন এইচআরপিবি কানাডা শাখার সেক্রেটারি সালমান আরেফিন।

সভাপতির বক্তব্যে আফিয়া বেগম বলেন, কানাডায় বসবাসরত প্রবাসীরা বাংলাদেশে তাদের সহায়-সম্পত্তি ও বিনিয়োগ নিয়ে বিভিন্ন জটিলতার সম্মুখীন হন। এসব সমস্যা দ্রুত সমাধানে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে পৃথক প্রবাসী ট্রাইব্যুনাল গঠন জরুরি।





মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ