Views Bangladesh Logo

আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে পাঠানোর আদেশের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। আদালতের উদ্দেশে তিনি বলেন, আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন। আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। কিন্তু আদালত শুনতে চাইল না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আদেশ ঘোষণার পর বিচারকাজ শেষ হলে কাঠগড়ায় দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে কয়েকবার আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন লতিফ সিদ্দিকী। তিনি বলেন, মাননীয় আদালত, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

তবে বিচারকরা এজলাস ত্যাগের প্রস্তুতি নেওয়ায় তিনি বক্তব্য দেওয়ার সুযোগ পাননি।

এরপর তিনি বলেন, হায়রে হায়, এই যদি হয় আদালত, তাহলে আমি কোথায় যাব?

এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে হাজতখানায় নিয়ে যেতে এগিয়ে এলে তাদের সঙ্গে কথাকাটাকাটিও হয়। পুলিশ সদস্যরা বসতে বললে তিনি বলেন, আমি বসে থাকব নাকি দাঁড়িয়ে থাকব, সেটা আমার বিষয়। তোমরা বলার কে?

এরপর এজলাসকক্ষ থেকে বের হওয়ার সময়ও তিনি বলেন, আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন। আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। কিন্তু আদালত শুনতে চাইল না।

এর আগে প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ