জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. সুজন হক তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে সাঈদ খোকনের আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। শুনানির একপর্যায়ে বিচারকের সঙ্গে কথা বলার অনুমতি চান সাঈদ খোকন। তবে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডে সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আন্দোলন দমনে কঠোর অবস্থান নিয়ে তার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া হামলায় অর্থ ও অস্ত্র সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আবেদনে আরও বলা হয়, সরকার পতনের পরও সাঈদ খোকন ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন করেন। পলাতক শীর্ষ নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার অভিযোগও আনা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এসব বিষয়ে বিস্তারিত জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা কিশোর আবদুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় সরকার পতনের পর একই বছরের ২৬ আগস্ট তার বাবা আবদুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এজাহারে সাঈদ খোকনকে ২৯ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
মতামত দিন