Views Bangladesh Logo

তৃতীয় দফায় সাঈদ খোকনের দুই দিনের রিমান্ড মঞ্জুর

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে দুই দফায় ১২ দিনের রিমান্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

রোববার (২৯ নভেম্বর) রিমান্ড শেষে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক তাঁকে আরও পাঁচ দিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা দাবি করেন, আগের জিজ্ঞাসাবাদে সাঈদ খোকন মামলার গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে গেছেন এবং বিভিন্ন তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এজাহারভুক্ত পলাতক আসামিদের অনেককে চেনার কথা জানালেও তাঁদের বর্তমান অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য দেননি।

আবেদনে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবেও তাঁর ভূমিকা ছিল বলে তদন্ত কর্মকর্তা দাবি করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি দেয়। অন্যদিকে, সাঈদ খোকনের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের পরিবর্তে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৭ নভেম্বর সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত সেদিন সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাঁকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। সাত দিনের রিমান্ড শেষে ২৪ নভেম্বর তাঁকে আদালতে হাজির করে আবারও সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় কিশোর আবদুল মোতালিব। এ ঘটনায় তাঁর বাবা আব্দুল মতিন ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। সাঈদ খোকন এ মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ