Views Bangladesh Logo

ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৯ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আশরাফুল হক ডনকে আটক করে। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের হাজতখানায় রাখার পর বিকেলে তাকে এজলাসে তোলা হয়।

ডনকে জামিনে মুক্তি দিলে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি এবং তিনি আবারও পলাতক হতে পারেন—এমন আশঙ্কা জানিয়ে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডি।

আদালতে দেওয়া সিআইডির প্রতিবেদনে বলা হয়, আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে নিয়ে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছিল। জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি তিনি পুনরায় পলাতক হতে পারেন বলে আশঙ্কা করছে তদন্ত সংস্থা।

ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারভুক্ত অন্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।

মামলাটির তদন্ত বর্তমানে সিআইডিতে চলছে। তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এরই মধ্যে আটবার পিছিয়েছে। সর্বশেষ আগামী ৩০ আগস্ট প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ