Views Bangladesh Logo

১৩১ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আবারও বাড়ানো হয়েছে। তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে না পারায় আগামী ৯ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে দীর্ঘ ১৪ বছরের বেশি সময় ধরে চলা এ মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে ১৩১ বারের মতো সময় পেল তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে পারেনি সংশ্লিষ্ট সংস্থা। ফলে আদালত নতুন করে ৯ ডিসেম্বর দিন ধার্য করেন। শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার হন সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। সাগর সে সময় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পরদিন রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

প্রথমে থানা পুলিশ মামলাটির তদন্ত শুরু করলেও পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। ডিবি তদন্তে অগ্রগতি না হওয়ায় ২০১২ সালের এপ্রিলে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার র‍্যাবের কাছে দেওয়া হয়।

দীর্ঘদিনেও হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটিত না হওয়ায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাবের কাছ থেকে তদন্তের দায়িত্ব সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। বর্তমানে ওই টাস্কফোর্সের অধীনেই মামলাটির তদন্ত চলছে।

প্রায় ১৫ বছর ধরে চলা এই মামলায় এখনো তদন্ত প্রতিবেদন জমা না পড়ায় হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি। নতুন করে ৯ ডিসেম্বর তারিখ নির্ধারণের মধ্য দিয়ে প্রতিবেদন দাখিলের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ