সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল ১২৮ বারের মতো পেছাল
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৮তম বারের মতো পেছানো হলো। আদালত আগামী ২৭ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন।
বুধবার (২২ জুলাই) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে পারেননি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ধার্য করেন.। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম।
মামলায় অভিযুক্তরা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের পরিচিত তানভীর রহমান খান। আসামিদের মধ্যে তানভীর রহমান খান বর্তমানে জামিনে রয়েছেন। পলাশ রুদ্র পালও জামিনে মুক্তি পাওয়ার পর পলাতক হন। বাকি আসামিরা কারাগারে রয়েছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ঘটনার পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘদিন তদন্তের অগ্রগতি না হওয়ায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির তদন্তভার র্যাবের কাছ থেকে প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্তের দায়িত্ব দেন। একই সঙ্গে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হওয়ায় রাষ্ট্রপক্ষ তদন্তের অগ্রগতির কথা উল্লেখ করে অতিরিক্ত সময়ের আবেদন জানায়। পরে ২০২৫ সালের ২২ এপ্রিল হাইকোর্ট আরও ছয় মাস সময় মঞ্জুর করেন এবং পরবর্তী আদেশের জন্য ২২ অক্টোবর দিন নির্ধারণ করেন।
পরবর্তীতে নির্ধারিত সময়েও তদন্ত শেষ না হওয়ায় ২৩ অক্টোবর হাইকোর্ট বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্ত সম্পন্নের জন্য আরও ছয় মাস সময় দেন। তবে সেই সময়সীমাও শেষ হলেও এখনো তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়নি।
মতামত দিন