শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেননকে
রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির।
দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান গত ৩০ জুন মেননকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওই দিন আবেদনটির শুনানির জন্য ৮ জুলাই তারিখ নির্ধারণ করেন আদালত।
এর আগে গত বছরের ২২ ডিসেম্বর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অনিয়ম ও প্রতারণার মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগে রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটির নিয়োগ বোর্ড গঠনের ক্ষমতা না থাকলেও একটি নিয়োগ বোর্ড গঠন করা হয়। সেই বোর্ডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বা তাঁর প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক শিক্ষক রাখা হয়নি। এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ সনদ ছাড়াই প্রার্থীদের আবেদন ও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।
এমনকি অভিযোগ উল্লেখ করা হয়, নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয়।
এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সাবেক সদস্যসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন, গভর্নিং বডির কয়েকজন সাবেক সদস্য, শিক্ষক এবং সংশ্লিষ্ট আরও কয়েকজন ব্যক্তি।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেনন গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। জুলাই আন্দোলন দমনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যাসহ একাধিক মামলায় তিনি আসামি। এছাড়া তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একটি মানবতাবিরোধী অপরাধের মামলা বিচারাধীন রয়েছে।
মতামত দিন