রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মাইলফলক : অ্যাটর্নি জেনারেল
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
রোববার (৭ জুন) সুপ্রিম কোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, রাষ্ট্রের সব সংস্থা সমন্বিতভাবে কাজ করায় এত অল্প সময়ে মামলাটির বিচার সম্পন্ন করা সম্ভব হয়েছে। তাঁর মতে, দ্রুত বিচার সম্পন্ন হওয়া রাষ্ট্রের অঙ্গীকার বাস্তবায়নেরই প্রতিফলন।
এর আগে একই দিনে ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত মামলার রায় ঘোষণা করেন। বিচারক মাসরুর সালেকীন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
আদালতের রায়ে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। জরিমানার অর্থ ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকারীদের প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানা পরিশোধ না করলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ আদায়েরও নির্দেশ দেন আদালত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে