রামিসা হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায়ে আদালত বলেন, শিশু রামিসাকে যেভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক। এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। ফলে সোহেল রানার মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।
রায়ের পর সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেন রামিসার বাবা। তবে স্বপ্না খাতুনকে খালাস দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করে আপিলের পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুই আসামির আপিল ও মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ করেন হাইকোর্ট। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছিল।
হত্যাকাণ্ডের পর জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর ২১ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল।
তদন্ত শেষে ২৫ মে সোহেল রানা ও স্বপ্না খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ১ জুন তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত।
বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হওয়ায় মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে উচ্চ আদালতে পাঠানো হয়। একই সঙ্গে সাজা চ্যালেঞ্জ করে দুই আসামি কারাগার থেকে আপিল করেন। সেই আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে এবার সোহেলের সাজা বহাল এবং স্বপ্নাকে খালাস দিলেন হাইকোর্ট।
মতামত দিন