রামিসা হত্যা মামলা: ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি এবং মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শেষ হওয়ার পরই রামিসা হত্যা মামলার কার্যক্রম শুরু হবে।
বুধবার (১২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, মামলাটি শুনানির জন্য প্রস্তুত রয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেন সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চ। আদালতের নির্দেশনার পর গত ২৫ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াই করবেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। এ ঘটনায় তাঁর স্ত্রী স্বপ্না আক্তারও সহযোগিতা করেন বলে মামলায় অভিযোগ আনা হয়। মামলার বিচার শেষে অপরাধের ভয়াবহতা ও সংশ্লিষ্টতার বিষয় বিবেচনায় নিয়ে দুজনকেই মৃত্যুদণ্ড দেন ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।
রায় ঘোষণার পর সোহেল রানা ও স্বপ্না আক্তারকে কারাগারের কনডেম সেলে রাখা হয়। পরে তারা ওই সেল থেকে রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন। পাশাপাশি নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়, যা ডেথ রেফারেন্স হিসেবে শুনানি হবে।
এখন নুসরাত ও আছিয়া হত্যা মামলার শুনানি শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে রামিসা হত্যা মামলাটি। ওই দুই মামলার শুনানি শেষ হলে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হবে। হাইকোর্টের শুনানিতে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি সাজায় পরিবর্তন আসবে, সেটিই এখন দেখার বিষয়।
মতামত দিন