Views Bangladesh Logo

ধানমন্ডিতে শিশু গৃহকর্মী হত্যা মামলায় পাউবোর প্রকৌশলী দম্পতি রিমান্ডে

রাজধানীর ধানমন্ডিতে শিশু গৃহকর্মী রিক্তা মনিকে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান (৪৬) এবং তাঁর স্ত্রী ফারাহ নুসরাত (৪০) গ্রেপ্তার হয়েছেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল তাদের দুই দিনের রিমান্ড আদেশ দিয়েছেন।

শনিবার (২১ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকীও বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আবুল বাশার বলেন, তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই শাহনেওয়াজ বাপ্পি আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবদেন করেন। শুনানি নিয়ে বিচারক আদেশ দেন।

ধানমন্ডি থানা পুলিশের সূত্র অনুযায়ী সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ বছর বয়সী শিশু রিক্তা মনি পারিবারিক অসচ্ছলতার কারণে ঢাকায় এসে পাউবোর ওই প্রকৌশলীর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। সেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার দিন শুক্রবার সকাল ৬টার দিকে ধানমন্ডির একটি ১১ তলা ভবনের বারান্দা থেকে রিক্তা মনি নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের তথ্যে আরও জানা যায়, শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং বাঁ হাত ভাঙা ছিল। ঘটনার পর শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সবিবুর রহমান ও তাঁর স্ত্রী ফারাহ নুসরাতকে আটক করা হয়।

পরবর্তীতে শিশুটির বাবা ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করলে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর শনিবার তাঁদের আদালতে হাজির করা হলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ