Views Bangladesh Logo

আদালতে আত্মসমর্পণের পর জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও হুমকির মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাঁর জামিন মঞ্জুর হয়।

আদালত সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে আদালতে পৌঁছান পরীমনি। পরে ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে ৫০০ টাকার মুচলেকায় তাঁকে জামিন দেওয়া হয়।

এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য গতকাল বুধবার দিন ধার্য ছিল। ওইদিন আদালতে উপস্থিত না হয়ে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর মাধ্যমে সময়ের আবেদন করেন পরীমনি।

তাঁর আইনজীবী গণমাধ্যমকে জানান, অ্যালার্জিজনিত শারীরিক সমস্যার কারণে তিনি আদালতে যেতে পারেননি। এই আবেদনে আপত্তি তুলে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল জামিন বাতিলের আবেদন করেন। আদালত সময়ের আবেদন নাকচ করে পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ঠিক করা হয় ২৩ ডিসেম্বর।

২০২১ সালের ৮ জুন রাতে ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে মামলার সূত্রপাত। এর কয়েক দিন পর সংবাদ সম্মেলনে পরীমনি অভিযোগ করেন, ওই রাতে তাঁকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছিল। ১৩ জুন তিনি নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় নাসির গ্রেপ্তার হন এবং পরে জামিনে মুক্তি পান। ওই মামলার বিচার এখনো ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চলছে।

এর প্রায় এক বছর পর, ২০২২ সালের ৬ জুলাই নাসির উদ্দিন মাহমুদ পাল্টা মামলা করেন। তাঁর অভিযোগ, ঘটনার রাতে পরীমনি বোট ক্লাবে গিয়ে তাঁকে মারধর, ভাঙচুর ও হুমকি দিয়েছিলেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়েছে বলে প্রতিবেদন দেয়। আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে পরীমনিকে হাজির হওয়ার সমন জারি করেন।

২০২৫ সালেও এই মামলায় অভিযোগ গঠনের দিন আদালতে হাজির না হওয়ায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরদিন আত্মসমর্পণ করে তিনি জামিন নেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ