উত্তরা মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুরহাট তুলে দিল পুলিশ
রাজধানীর উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক দখল করে বসানো কোরবানির পশুরহাট সরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর ফলে ওই এলাকায় তৈরি হওয়া যানজট কেটে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) ডিএমপির উত্তরা বিভাগ দিয়াবাড়ি পশুর হাট এলাকায় এই অভিযান চালায়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন দিয়াবাড়ি পশুরহাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ কোরবানির পশু এসেছে। তবে হাটের নির্ধারিত সীমানা ছাড়িয়ে মূল সড়ক এবং মেট্রোরেল স্টেশনের নিচে অবৈধভাবে পশু বেঁধে রাখায় যান চলাচলে বিঘ্ন ঘটছিল।
তিনি বলেন, জনভোগান্তি কমাতে ডিএমপির উত্তরা বিভাগ তাৎক্ষণিকভাবে সড়ক দখলমুক্ত করার পদক্ষেপ নেয়। মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশু সরিয়ে ডাইভারশনের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
পুলিশ জানায়, এই ঘটনার পর হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে সতর্ক করা হয়েছে। সড়কে কোনোভাবেই হাট বসানো বা পশু রাখা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
এই নির্দেশ অমান্য করলে পরবর্তীতে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইজারাদারকে জরিমানা করা হবে বলেও পুলিশের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে