টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ, উপাধ্যক্ষ কারাগারে
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। এ ঘটনায় করা মামলায় শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে। অভিযুক্ত মাদ্রাসার উপাধ্যক্ষ মো. মোসলেম উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৪ অক্টোবর) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন এ তথ্য জানান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গাজীপুর মহানগর হাকিম আদালতে বিচারকের কাছে জবানবন্দি দেয় শিশুটি। একই দিন শিশুটির বাবার করা মামলায় মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ এবং শিক্ষককে মারধর ও মাদ্রাসায় ভাঙচুরের ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় দুটি মামলা হয়েছে। ওসি আরিফ হোসেন বলেন, প্রাথমিক তদন্তে দুটি ঘটনার সত্যতা পাওয়া গেছে। চূড়ান্ত তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।
মামলার বরাতে পুলিশ জানায়, সোমবার টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ‘ক্বরীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার’ প্রথম শ্রেণির ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ উঠেছে উপাধ্যক্ষ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে। ঘটনার কথা কাউকে না জানাতে শিশুটিকে মারধরের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এতে আতঙ্কিত হয়ে শিশুটি টানা তিন দিন মাদ্রাসায় যাওয়া বন্ধ রাখে।
পরে পরিবারের সদস্যরা জানতে চাইলে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া শারীরিক হেনস্থার কথা মা-বাবাকে জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
বুধবার দুপুরে শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে উপাধ্যক্ষ মোসলেম উদ্দিনের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। এ সময় মাদ্রাসা প্রাঙ্গণে আরও কয়েকজন জড়ো হন। একপর্যায়ে শিশুটির বাবা শিক্ষককে ঘুষি মারেন। পরে সেখানে উপস্থিত অন্যরাও তাকে মারধর করেন। মাদ্রাসার কয়েকজন শিক্ষক এ সময় মোসলেম উদ্দিনকে রক্ষার চেষ্টা করেন।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে তার বাবা এবং শিক্ষককে মারধর ও মাদ্রাসায় ভাঙচুরের ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ পৃথক মামলা করে।
মাদ্রাসা কর্তৃপক্ষের করা মামলায় হামলা-ভাঙচুরের সময় ১৭ লাখ টাকা লুটের অভিযোগও আনা হয়েছে শিশুটির বাবা ও তার সঙ্গে থাকা লোকজনের বিরুদ্ধে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বারীজুল আলমগীর হোসেন দাবি করেন, এক অভিভাবকের নেতৃত্বে ১৫ জনের একটি দল মাদ্রাসায় ঢুকে হামলা, ভাঙচুর, শিক্ষক-শিক্ষিকাদের মারধর, শ্লীলতাহানি এবং প্রায় ১৭ লাখ টাকা লুট করেছে। শিশুটির বাবা মাদ্রাসায় ‘মব’ পরিস্থিতি তৈরি করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
তবে শুক্রবার গভীর রাতে নিজের বাসায় সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ অস্বীকার করেন শিশুটির বাবা। তিনি বলেন, ‘মব’ পরিস্থিতি তৈরি করতে নয়, মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাইতেই তিনি মাদ্রাসায় গিয়েছিলেন।
টাকা লুটের অভিযোগও অস্বীকার করে তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং মেয়ের ঘটনার বিচার দাবি করেন।
মতামত দিন