মোহাম্মদপুর-মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, আটক ৪৪
ঢাকার মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় অপরাধ দমন ও মাদক নির্মূলের লক্ষ্যে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (২ জুন) সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও তারা স্পষ্ট জানিয়েছেন।
এর আগে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় একটি যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, প্রায় চার ঘণ্টার ওই অভিযানে র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ডিএমপির ডগ স্কোয়াড অংশ নেয়। সেখান থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ছাড়া মিরপুর মডেল থানা পুলিশ তাদের আওতাধীন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে