Views Bangladesh Logo

দিল্লি বিমানবন্দর থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ

ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলঙ্কার কলম্বো হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তবে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকরা দিল্লির এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে রোববার ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন উপদেষ্টা জাহেদ উর রহমান। কিন্তু সেখানে পৌঁছানোর পর বিমানবন্দর কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক’ আচরণের কারণে ক্ষুব্ধ হয়ে তিনি সম্মেলনে অংশ না নিয়েই দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

ঘনিষ্ঠ সূত্রগুলো গণমাধ্যমকে জানায়, প্রতিমন্ত্রী পদমর্যাদার এই উপদেষ্টাকে প্রায় ঘণ্টাখানেক বসিয়ে রেখে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুমতি দিলেও কর্মকর্তাদের এমন আচরণ ও দৃষ্টিভঙ্গি যথাযথ মনে না হওয়ায় তিনি ভারতে প্রবেশে অস্বীকৃতি জানান। তাৎক্ষণিক তিনি ভারত থেকে অন্য দেশ হয়ে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন।

এদিকে সিএনএন-নিউজ১৮ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, উপদেষ্টা জাহেদ উর রহমানের নাম ভারতের নিরাপত্তা-সংক্রান্ত নজরদারি তালিকায় ছিল। দিল্লি বিমানবন্দরে নিয়মিত তল্লাশির সময় অভিবাসন কর্মকর্তারা তাঁকে শনাক্ত করেন এবং বিষয়টি যাচাইয়ের জন্য তাঁকে সাময়িকভাবে আটকে রাখা হয়।

নিউজ১৮-কে দেশটির একটি সূত্র জানায়, মূলত প্রশাসনিক ত্রুটির কারণে জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই অসঙ্গতি চিহ্নিত ও সমাধান করার পর কর্মকর্তারা তাঁকে দেশটিতে প্রবেশের ছাড়পত্র দিয়েছিলেন।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সারের ইউটিউব চ্যানেল ব্লক করে দেয় ভারত সরকার। দিল্লির দাবি ছিল, ওই চ্যানেলগুলোর বক্তব্য ভারতবিরোধী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্লক হওয়া সেই তালিকায় ডা. জাহেদ উর রহমানের নামও রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ