Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি: সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার অপরাধে গ্রেপ্তার সেই শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় শুনানি শেষে সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলাদত ৫ এর বিচারক রাকিবুল ইসলাম এ আদেশ দেন৷

আদালত সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে সিফাত আব্দুল্লাহকে আটক করে পুলিশ। পরবর্তীতে গত ৪ জুন দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের পুরোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৪ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়।

শুনানিতে আসামি পক্ষের আইনজীবী রাশেদুল ইসলাম রবি জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করে বলেন, ‘গত ৪ জুনের মামলার এজাহারে বিদ্যুৎ কিংবা জ্বালানি সংকট নিয়ে সিফাতের করা মন্তব্যের কোনো উল্লেখ নেই। রাজনৈতিকভাবে হয়রানি করতেই তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’ আদালতের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, জামিনের তীব্র বিরোধিতা করে মেট্রোপলিটন আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, ‘গ্রেপ্তার সিফাত ফ্যাসিবাদের দোসর। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তিনি পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা হিসেবেই কাজ করেছে। ৫ আগস্টের আগে থেকেই তিনি ফ্যাসিস্টদের হয়ে কাজ করেছে, তা এখন অব্যাহত রেখেছে।’

উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আসামি সিফাতের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিফাত আব্দুল্লাহ ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ