নিকাহ রেজিস্ট্রার নিয়োগ নিয়ে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা
নিকাহ রেজিস্ট্রার নিয়োগ নিয়ে একই বিষয়ে একাধিক রিট মামলা করে তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে রিটকারী মোহাম্মদ নুর আলম ও তাঁর আইনজীবী সুফিয়া আহামেদকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, নুর আলম ও সুফিয়া আহামেদকে পৃথকভাবে ৫ লাখ টাকা করে জরিমানা দিতে হবে। আগামী ৩০ দিনের মধ্যে এই অর্থ ঢাকা শিশু হাসপাতালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার শুনানিতে একই বিষয়ে একাধিক রিট করার পাশাপাশি আগের মামলার তথ্য আদালতের কাছে গোপন করার বিষয়টি উত্থাপন করা হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে রিটকারী ও তাঁর আইনজীবীর বিরুদ্ধে জরিমানার আদেশ দেন আপিল বিভাগ।
আদালতে নুর আলমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে নিকাহ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অনিক আর হক, সিনিয়র আইনজীবী মো. শিশির মনির ও আইনজীবী অমিত দাশ গুপ্ত।
মামলার নথি অনুযায়ী, যাত্রাবাড়ী থানার ৬৫ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে একাধিক রিট মামলা করেন মোহাম্মদ নুর আলম।
এসব রিট দায়েরের সময় আগের মামলার তথ্য গোপন করার অভিযোগ ওঠে নুর আলমের বিরুদ্ধে। একই বিষয়ে একাধিক মামলা এবং আদালতের কাছে তথ্য গোপনের বিষয়টি শুনানিতে গুরুত্ব পায়। পরে এসব কারণে রিটকারী ও তার আইনজীবীকে জরিমানা করেন আপিল বিভাগ।
মতামত দিন