আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ৩৫ নাগরিক নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাকিস্তান বলছে, অভিযানে সশস্ত্র জঙ্গিগোষ্ঠীর আস্তানায় হামলা চালিয়ে ২৯ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। তবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার দাবি করেছে, হামলায় নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) দিবাগত রাতে আফগানিস্তানের পাক্তিকা, পাক্তিয়া ও কুনার প্রদেশের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের স্থল ও বিমান বাহিনী যৌথ অভিযান চালায়। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তার দাবি, নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জামাত-উল-আহরার এবং ‘ফিতনা আল খওয়ারিজ’ সংশ্লিষ্ট আস্তানাগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে ২৯ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে।
অন্যদিকে আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানের হামলাকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং ‘কাপুরুষোচিত আগ্রাসন’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, হামলায় নারী ও শিশুসহ বহু নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন। তালেবান প্রশাসন পাকিস্তানের এই সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আফগান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় কয়েকটি আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের দাবির মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
পাকিস্তান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে। কাবুল এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। সাম্প্রতিক হামলার পর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
মতামত দিন